Published : 21 Oct 2026, 08:20 PM
Updated : 21 Oct 2026, 06:03 PM
রংপুরে আয়োজিত শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা থেকে খুব সহজে অনেক বিষয়ে জানার সুযোগ পেয়েছি আমি। যা আমার ভাবনার জগতে নতুন এক মাত্রা যোগ করেছে।
জানুয়ারি মাসে আমাদের শহরে দুই দিনের এই কর্মশালার আয়োজন করে বিশ্বে শিশু সাংবাদিকতার প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকতার নানা খুঁটিনাটি সম্পর্কে জানতে পেরেছি। আরও জেনেছি, শিশু সাংবাদিকতা কী এবং সমাজের জন্য এটি কেন গুরুত্বপূর্ণ।
আমি শিখেছি, আমাদের মত শিশুদের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিও সমাজের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি কোনো বিষয়ে নিজের মত প্রকাশ করাও আমাদের অধিকার। এই উপলব্ধিটা আমাকে নতুন এক সাহস এনে দিয়েছে।
দুই দিনের কর্মশালায় আমরা শিখেছি, কোন ধরনের ঘটনা সংবাদ হিসেবে বিবেচিত হয় আর কোনটি হয় না। এর আগে আমি ভাবতাম, যে কোনো ঘটনাই সংবাদ হতে পারে। কিন্তু কর্মশালায় অংশ নিয়ে বুঝেছি, সংবাদ হতে হলে কোনো ঘটনার নির্দিষ্ট কিছু গুণ ও সামাজিক গুরুত্ব থাকা জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শিখেছি, তা হল কীভাবে একটি আদর্শ প্রতিবেদন তৈরি করতে হয়। প্রতিবেদনের কাঠামো কেমন হওয়া উচিত এবং একটি ভালো প্রতিবেদনে কী কী উপাদান থাকা দরকার। এই সব বিষয়ই হাতে-কলমে আমাদের শেখানো হয় ।
এছাড়া জলবায়ু পরিবর্তন, বাল্যবিয়ে ও শিশুশ্রমের মত সমাজের গুরুতর সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে কর্মশালায়। এসব বিষয়ও আমাকে গভীরভাবে ভাবতে শিখিয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রংপুর।
