জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজি ধরে জনসমক্ষে জীবন্ত শালিক পাখির মাংস ছিঁড়ে খাওয়ার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি মধ্যপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এর আগে বাজি ধরে জনসমক্ষে জীবন্ত শালিক পাখির মাংস ছিঁড়ে খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার কোয়ালিকান্দি বাজারে জনসমক্ষে একটি জীবন্ত শালিকের মাংস ছিঁড়ে খান ছাদুল্লাহ। ৫০০ টাকা বাজি ধরে তিনি জীবন্ত শালিকটি হাতে নেন এবং পাখিটির পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলে ছিঁড়ে মাংস খেয়ে ফেলেন। এ সময় ঘটনাটি দেখতে সেখানে অনেক লোকজন জড়ো হয়।
এ ঘটনার পর প্রায় দেড় মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ছাদুল্লাহকে জীবন্ত পাখি ছিঁড়ে কাঁচা মাংস খেতে দেখা যায়। এ সময় ৫০০ টাকা বাজির প্রসঙ্গও বলতে শোনা যায় তাকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রাণীর প্রতি এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অনেকে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মুস্তাফিজুর রহমান ভুঁইয়ার নির্দেশনায় ছাদুল্লাহকে আটক করা হয়েছ। বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে সাদুল্লাহ যাদের সঙ্গে বাজি ধরে জীবন্ত পাখির মাংস খেয়েছিলেন তাদের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
