পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মারা গেছেন রাজশাহীর বাঘার জহুরা বেওয়া (৬৮)। মক্কাতেই তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমরাহ পালনকালে জহুরা বেওয়ার মৃত্যু হয়।
জহুরা বেওয়া বাঘা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা। তিনি মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী।
৭ অক্টোবর ছেলে তহুরুল ইসলামের সঙ্গে ওমরাহ পালনের উদ্দেশে তিনি মক্কায় যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।
অধ্যক্ষ তহুরুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেল ৪টার দিকে মা মক্কায় মারা গেছেন। আমি মায়ের সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে এসেছি। আগামী ২৩ অক্টোবর বাংলাদেশে নিজ গ্রামে ফেরার কথা ছিল। মক্কায় মায়ের দাফন সম্পন্ন করা হবে।’
মায়ের রুহের মাগফিরাত কামনায় তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।
বিআলো/শিলি