মাদকের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করে সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ইশরাক হোসেন। এর আগে মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে তার ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। এ পরিস্থিতিতে ইশরাকের পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, ইশরাক হোসেনের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা স্পষ্ট করা হয়নি। তার মতে, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে কারও অপরাধ থাকলে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। শুধু পদত্যাগ করাকে তিনি এ সমস্যার সমাধান হিসেবে দেখেন না।
নাহিদের এমন বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইশরাক। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নাহিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
পোস্টে ইশরাক লেখেন, নাহিদ ইসলামকে তিনি কিছুটা হলেও নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রতিনিধি মনে করতেন। কিন্তু তার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ মাদকের ভয়াবহতা ও তা প্রতিরোধের উপায় নিয়ে কথা না বলে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছেন। ইশরাকের প্রশ্ন, মাদক সমস্যার সমাধান নিয়ে কথা বলার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা যেত না কি না।
এ ঘটনায় তরুণ প্রজন্মের উদ্দেশেও হতাশা প্রকাশ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। তার মন্তব্য, নাহিদদের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হবে না।
একই পোস্টে সমসাময়িক বিষয় নিয়ে তাকে ফোন করা আরেক ব্যক্তির প্রসঙ্গও তুলে ধরেন ইশরাক। নাম প্রকাশ না করে তিনি জানান, ওই ব্যক্তি তাঁকে ফোন করে মাদকের কারণে সমাজ ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছেন এবং ভবিষ্যতে মাদকবিরোধী কার্যক্রমে তাঁকে সঙ্গে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নেতিবাচক মন্তব্য করেন ইশরাক। দলটির ভবিষ্যৎ নেই বলে দাবি করে তিনি নাহিদকে উদ্দেশ করে বলেন, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করা হলে তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যেতে প্রস্তুত। তার বক্তব্য, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলে এ ধরনের রাজনীতি চালিয়ে গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে ইশরাক আরও বলেন, মাদক নির্মূলে প্রচলিত পদ্ধতির বাইরে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পোস্টের শেষাংশে বড় মাদক কারবারি ও বিক্রেতাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। তার ভাষ্য, এ বিষয়ে শিগগিরই নতুন পদক্ষেপ আসছে।
