পদত্যাগের খবরকে ‘অসত্য ও ভিত্তিহীন’ বলার পরদিনই চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে ফেইসবুক পোস্টে ইশরাক জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন।
এর আগে রোববার প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা দাবি করেন, সরকারের উচ্চপর্যায় থেকে ইশরাককে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পদত্যাগের খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও উল্লেখ করেন তিনি।
গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে ইশরাকের অংশ নেওয়ার ভিডিও প্রকাশের পর বিতর্ক তৈরি হয়। ঘটনাটি খতিয়ে দেখতে স্থানীয় ডিসিকে নির্দেশ দেওয়ার কথা জানান ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম। আইনের ব্যত্যয় হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানিয়ে ইশরাক বলেন, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, বিএনপির কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও উদ্দীপনা নিয়ে কাজ করবেন তিনি।
“মন্ত্রী নয়, মাদক নির্মূল!”—লেখেন ইশরাক।
The post অস্ত্রকাণ্ডে পদত্যাগ করছেন ইশরাক appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
