প্রতিনিধি, শ্রীমঙ্গল · ১৭ অক্টোবর, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের পূজামণ্ডপগুলোতে ড্রোন ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)।একইসঙ্গে সম্ভাব্য নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি মাঠে টহল দিচ্ছে ব্যাটালিয়নের ১৪টি পেট্রোল টিম।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মহাসপ্তমীতে মৌলভীবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে শ্রীমঙ্গলের রামকৃষ্ণ সেবাশ্রমে আয়োজিত সাংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৯ সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।
কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত ছয় বছরের মধ্যে সর্বাধিক।
সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারে সবচেয়ে বেশি পূজামণ্ডপ রয়েছে। জেলায় এক হাজারেরও বেশি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় এসআরবি-৯-এর ১৪টি পেট্রোল টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে ক্যাম্প ও ব্যাটালিয়ন সদর দপ্তরে পর্যাপ্তসংখ্যক সদস্যকে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে সন্দেহজনক তৎপরতা শনাক্ত করা এবং দ্রুত তথ্য আদান-প্রদান সহজ হবে।
উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী আরও বলেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের হুমকি নেই। তবে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে সম্ভাব্য নাশকতা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হটস্পটগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে এসআরবি-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আরিফুর রহমানসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
