আমার কাগজ প্রতিনিধি
খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তুষার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে তাকে গুলি করা হয়। পুলিশের দাবি, তুষার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন।
নিহত তুষার খুলনার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে তার সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। একপর্যায়ে তাকে গুলি করা হয়। বুকে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান তিনি।
ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তুষারের মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, তুষারের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
The post ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ গ্রুপের সদস্যকে গুলি করে হত্যা appeared first on দৈনিক আমার কাগজ.
