ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডালিয়া আক্তার মীম (৫০) নামে এক নারীর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ডালিয়া আক্তার ঢাকা জেলা (দক্ষিণ যুব মহিলা লীগের সদস্য ও বাস্তা ইউনিয়নের সভাপতি ছিলেন।
- Advertisement -
আজ (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের রসুলপুর গ্রামে তার নিজ ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিয়ার বাসার কাজের মহিলা কাজ করার উদ্দেশ্যে রুমে প্রবেশ করে মেঝেতে তার গলাকাটা মৃতদেহ দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ডালিয়া ডিভোর্সপ্রাপ্ত ছিলেন। ডিভোর্সের পর দুই মেয়েকে নিয়ে তিনি নিজ বাসায় বসবাস করতেন। মেয়েদের বিয়ের পর থেকে তিনি একাই ওই বাসায় থাকতেন এবং বাঘাপুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আজগর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ ঘটনায় হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য ইতিমধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও থানা পুলিশ যৌথভাবে কার্যক্রম শুরু করেছে।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
