সড়কের পাশে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতাকর্মীরা। কেউ পরিষ্কার করছেন ফুটপাত, কেউ সরাচ্ছেন ময়লা-আবর্জনা। পরিচ্ছন্নতার এ কার্যক্রম তদারকি করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) নগরের জামালখান মোড়ে দেখা যায় এমন চিত্র।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ও রহমতগঞ্জের ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ঘিরে নগরের বিভিন্ন এলাকায় চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। বিমানবন্দর সড়ক ও ভিআইপি সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে জে এম সেন হল প্রাঙ্গণেও।
তবে বিশেষ আয়োজন সামনে রেখে নগর পরিচ্ছন্ন করার এই তৎপরতা যেন সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থাকে, সেই প্রত্যাশা নগরবাসীর। তাঁদের মতে, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও তদারকি নিশ্চিত করা গেলে নগরকে সারা বছর পরিচ্ছন্ন রাখা সম্ভব।
জামালখান এলাকার বাসিন্দা মোজাফফর আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়ক ও আশপাশ পরিষ্কার করা হচ্ছে, এটি ভালো উদ্যোগ। তবে নগরবাসী প্রতিদিনই যেন পরিচ্ছন্ন পরিবেশ পায়, সেটি নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ কোনো আয়োজনের সময় নয়, সারা বছরই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো উচিত।’
জামালখান মোড় দিয়ে চলাচলকারী পথচারী রশিদ সিদ্দিকী বলেন, ‘পরিচ্ছন্ন সড়ক ও ফুটপাত সবারই প্রত্যাশা। পরিষ্কার করার পর আবার ময়লা জমলে সেই উদ্যোগের সুফল বেশি দিন থাকে না। তাই নিয়মিত পরিষ্কারের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও তদারকির ওপরও গুরুত্ব দেওয়া দরকার।’
এদিকে জে এম সেন হল প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন ও সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে সোমবার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চার দিন আগেও হলের যে চিত্র ছিল, বর্তমানে সেখানে আমূল পরিবর্তন এসেছে। চসিকের উদ্যোগে এলাকাটি সুন্দরভাবে সাজানো হয়েছে, যাতে প্রধানমন্ত্রী সেখানে এলে চট্টগ্রামের ঐতিহাসিক ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতিফলন দেখতে পান।
মেয়র বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া উদ্যোগ শুধু সাময়িক প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলাই চসিকের লক্ষ্য।
জামালখান এলাকাকে আরও নান্দনিক ও জনবান্ধব করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মেয়র। নগরবাসী যেন সেখানে অবসর কাটাতে এবং বন্ধু-পরিজনের সঙ্গে সময় কাটাতে পারেন, সে জন্য এলাকার পরিবেশ, চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
The post প্রধানমন্ত্রীর সফরে ঝকঝকে চট্টগ্রাম, নগরবাসী চান সারা বছর এমন পরিচ্ছন্নতা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
