বগুড়া থেকে রায়হানুল ইসলাম
বগুড়ায় পুলিশ বাহিনীর সদস্যকে পিটিয়ে আহত করা চিহ্নিত শীর্ষ ছিনতাইকারী রতনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের ব্যস্ততম এলাকা চেলোপাড়ায়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রতন এলাকার একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২০ অক্টোবর পুলিশ সূত্রে জানা যায়, চেলোপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে রতন ও তার সহযোগীরা পুলিশ সদস্যের ওপর হামলা চালায় এবং তাকে পিটিয়ে আহত করে। ঘটনার পরপরই বগুড়া সদর থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রতনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বগুড়া সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “গ্রেফতারকৃত রতন এলাকার এক আতঙ্কের নাম। তার বিরুদ্ধে ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে এক ডজনেরও বেশি মামলা ঝুলছে। পুলিশের ওপর আক্রমণের ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার বাকি সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
