কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপে থাকা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটি নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আবদুল্লাহ ও ইয়াছিন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া বলেন, ‘মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে। বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
