জুলাই আন্দোলনের সময় রাজধানীর পল্টন থানার একটি হত্যাচেষ্টার মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে আদালত ঢাকার মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।
গতকাল সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর এই আদেশ দিয়েছেন।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম তাকে নতুন এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিকালে দীপংকর তালুকদারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত গ্রেপ্তার দেখানোর পর তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
দীপংকর তালুকদারকে গ্রেপ্তার দেখানো মামলার বাদীর নাম মো. বেলাল (৩০)। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, শেখ ফজলে নূর তাপস, সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার প্রমুখ।
আর মঈনউদ্দিন আহাম্মেদকে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আজিম আহমেদ গত ১০ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিকালে গতকাল মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানির পর তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
