চট্টগ্রামের রাউজানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সরওয়ার তুষারসহ দলের নেতারা। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেন। এ ছাড়া একটি পূজামণ্ডপে প্রায় তিন হাজার দর্শনার্থীর জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী রাউজানের ঐতিহ্যবাহী জমিদার যোগেশ ধরের বাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।
ঝিকুটিপাড়া পূজা উদ্যাপন পরিষদের পূজামণ্ডপে দর্শনার্থীদের জন্য আয়োজিত প্রীতিভোজের অর্থায়ন করেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক এ কে এম জিয়া উদ্দিন রনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রিতম দাশ, উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, সদস্যসচিব আব্দুল করিম টিপু এবং চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক এ কে এম জিয়া উদ্দিন রনি। এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, জাতীয় যুবশক্তির চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক বখতিয়ার হোসেনসহ এনসিপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপগুলোতে ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এনসিপির নেতারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, আধুনিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। রাউজানে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে, যা পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।
এ সময় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পূজা উদ্যাপনে কাজ করে যাওয়ায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এনসিপির নেতারা।
এমআর/এইচএস
