কালবেলা · দেশ
সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি
২১/১০/২০২৬

সব সাংবাদিককে গালি দেননি বলে দাবি করেছেন তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির ড. এনায়েতুল্লাহ আব্বাসি। তিনি বলেছেন, ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে ‘নেতিবাচক প্রচারণা চালানো’ সাংবাদিকদের সমালোচনা করেছেন তিনি। বিভিন্ন সময়ে নেতিবাচক প্রচারণা চালানো সাংবাদিকদেরও এ সমালোচনার আওতায় রেখেছেন বলে জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে কালবেলার সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন আব্বাসি।
তিনি বলেন, ‘সম্প্রতি সাবেক প্রতিমন্ত্রী ইশরাক মাদকের বিরুদ্ধে অভিযান করেছেন। তার এই অভিযানের উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু পিস্তল উঁচিয়ে যাওয়ার পদ্ধতিটা ভুল ছিল। তো মাদকের বিরুদ্ধে তার এই অভিযানটাকে ভিন্নরূপে প্রবাহিত করেছে একদল সাংবাদিক। যেহেতু এই অভিযানের উদ্দেশ্যে ছিল রাজধানীকে মাদকমুক্ত করা, তাই সাংবাদিকেরা চাইলে এটাকে ইতিবাচকভাবে প্রচার করতে পারতো। তখন হয়তো ইশরাককে তার পদ ছাড়তে হতো না। কিন্তু নেতিবাচক প্রচারের কারণে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনি তার পদ হারিয়েছেন। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি এটার জন্য সাংবাদিকরাই মূলত দায়ী।’
‘তাই আমি এক মাহফিলে সাংবাদিকদের নিয়ে কিছু কথা বলেছি। এই কথাগুলো সবাই প্রচার করেছে। তবে, আমি কিন্তু সব সাংবাদিককে গালি দিইনি। যারা হলুদ সাংবাদিকতা করে, হিরোকে জিরো বানায়, ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক প্রবাহে প্রচার করেছে, আমি তাদের নিয়ে কথা বলেছি’— যুক্ত করেন আব্বাসি।
এর আগে, সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আব্বাসি।
ওই মাহফিলে ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অবশ্যই এটা ঠিক। তার পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতিটা খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল। কিন্তু একদল সাংবাদিক সেটা নেতিবাচকভাবে প্রচার করেছে।’
সাংবাদিকদের সমালোচনা করে আব্বাসি আরও বলেন, ‘সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে ইশরাকের অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। কিন্তু ‘হলুদ সাংবাদিকেরা’ সেটা করেনি। সবচেয়ে খারাপ এরা। এদেরকে কুত্তার মতো পেটানো দরকার।’
বক্তব্যের অন্য অংশে রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের নিয়ে মাহফিলে দেওয়া আব্বাসির এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে, সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে দেওয়া মন্তব্যটি সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে প্রতিক্রিয়ার মধ্যে বক্তব্যের বিষয়ে আব্বাসির অবস্থান জানতে তার সঙ্গে কথা বলে কালবেলা।
মূল প্রতিবেদনে যান ↗