সংবাদ বিজ্ঞপ্তি · ১২ অক্টোবর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেটের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবে বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী আমলে এই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
রোববার (১২ অক্টোবর) দুপুরে সিউক মিলনায়তনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকেরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য, শিল্প-বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে সিলেটের শিক্ষার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা উল্লেখ করে সিউক চেয়ারম্যান বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সাক্ষাৎকালে শিক্ষকেরা শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. সাহিদ ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আবু নাসের মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের প্রধান সিব্বির আহমেদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান সালাউদ্দিন আহমেদ এবং নন-টেকনিক্যাল বিভাগের প্রধান মো. খলিলুর রহমান।
গুগলে আমাদের খবর পেতে
