কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে দুই দিন বয়সী নবজাতক ছেলেকে ৩০ হাজার টাকায় বিক্রি করে বেশি দামে অন্যত্র বিক্রির পরিকল্পনায় নিখোঁজের নাটক সাজানোর অভিযোগ উঠেছে তার বাবা মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে থানায় সন্তান নিখোঁজের অভিযোগ করেন আলাউদ্দিন। পরে পরিবারের সদস্যদের কথাবার্তায় অসংগতি পেয়ে জিজ্ঞাসাবাদে নবজাতক বিক্রির বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে পুলিশ ।
ওই দিন রাতে অভিযোগের ছয় ঘণ্টার মধ্যে উপজেলার নওদা খাদিমপুর গ্রামে পল্লিচিকিৎসক আনিসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, আলাউদ্দিন, তার স্ত্রী সিমা খাতুন ও পরিবারের কয়েকজন সদস্যের সংশ্লিষ্টতায় ৩০ হাজার টাকায় শিশুটিকে আনিসের কাছে দেওয়া হয়। পরে শিশুটির দুই ফুফু তাকে প্রায় দুই লাখ টাকায় অন্যত্র বিক্রি করা সম্ভব বলে জানালে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিখোঁজের নাটক সাজানো হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
তবে আনিসের দাবি, নিঃসন্তান হওয়ায় শিশুটিকে লালন-পালনের উদ্দেশ্যে নিয়েছিলেন তিনি।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, উদ্ধার করা নবজাতককে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
