- ১২ অক্টোবর, ২০২৬ ১৫:০২
সংবাদদাতা, রঘুনাথপুর: হাতে প্ল্যাকার্ড। আর তাতে লেখা 'সেভ পুরুলিয়া'। দাবি একটাই পরিবেশকে যেমন করে হোক বাঁচাতেই হবে। তাই দূষণকারী শিল্পের বিরোধিতা, পাহাড় কেটে পাথর উত্তোলন বন্ধ এবং বন্যপ্রাণীদের বাসভূমি রক্ষার দাবিতে বিক্ষোভে উত্তাল রঘুনাথপুর। পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলা এবং কারখানার দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে পথে নেমেছে রঘুনাথপুর মহকুমা এলাকার ১৭টি গণসংগঠন।
সোমবার সংগঠনগুলির উদ্যোগে রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। আন্দোলনকারীদের দাবি, এলাকায় দূষণ সৃষ্টিকারী রেড ক্যাটাগরির কারখানা চলতে দেওয়া যাবে না। পাশাপাশি, পাহাড় কেটে পাথর উত্তোলন বন্ধ করতে হবে এবং কোনওভাবেই বন্যপ্রাণীদের প্রাকৃতিক বাসভূমি ধ্বংস করা চলবে না। শিল্প গড়ার ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপরেও জোর দিয়েছেন তাঁরা। এই কর্মসূচিতে এলাকার তিন হাজারেরও বেশি বাসিন্দা সামিল হয়েছেন বলে জানা গিয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি সামাল দিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে মোতায়েন করা হয়েছে জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিশাল বাহিনী। একাধিক দাবিতে সংগঠনগুলির এই আন্দোলন ঘিরে এলাকায় চলছে বিক্ষোভ।
