Published : 12 Oct 2026, 04:10 PM
Updated : 12 Oct 2026, 04:10 PM
পাবদা মাছের পাতলা ঝোল বা সর্ষে পাবদা তো প্রায়ই খাওয়া হয়, তবে গরম ভাতের সঙ্গে যদি থাকে মাখা মাখা পাবদা মাছের কষা ভুনা, তবে দুপুরের খাবারের আনন্দময় হয়ে উঠতেই পারে।
আর এই ব্যঞ্জন তৈরি করতে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
পাবদা মাছ: ৫০০ গ্রাম (ভালোভাবে পরিষ্কার করা)
পেঁয়াজ কুচি: ১ কাপ
রসুন বাটা: ১ চা-চামচ
হলুদ গুঁড়া: আধা চা-চামচ
জিরা ও ধনিয়া গুঁড়া: ২ চা-চামচ (একসঙ্গে মেলানো)
মরিচ গুঁড়া: স্বাদমতো
কাঁচামরিচ: ৪-৫টি (চিরে নেওয়া)
আস্ত কালোজিরা: ১/৪ চা-চামচ (ঐচ্ছিক/ফোড়নের জন্য)
সয়াবিন বা সরিষার তেল: পরিমাণ মতো
লবণ: স্বাদ অনুযায়ী
পদ্ধতি
মাছ প্রস্তুত ও ভাজা: প্রথমে পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর সামান্য লবণ ও হলুদ গুঁড়া মেখে কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখতে হবে। (যারা কড়া ভাজা পছন্দ করেন না, তারা এটি না ভেজে সরাসরি কাঁচাও রান্না করতে পারেন)।
ফোড়ন ও পেঁয়াজ ভাজা: কড়াইতে অবশিষ্ট তেলের সঙ্গে আরও কিছুটা তেল যোগ করে গরম করে নিন। এবার তেলের মধ্যে আস্ত কালোজিরা এবং চেরা কাঁচামরিচ দিয়ে সুন্দর সুগন্ধ বের হওয়া পর্যন্ত ফোড়ন দিন।
এরপর পেঁয়াজ কুচি যোগ করে মাঝারি আঁচে হালকা বাদামি করে ভেজে নিন।
মসলা কষানো: পেঁয়াজ নরম হয়ে এলে রসুন বাটা দিয়ে সামান্য পানি দিন, যাতে উচ্চ তাপে মসলা পুড়ে না যায়। এরপর একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা-ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মসলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মাছ যোগ ও দমে রাখা: মসলার ওপর তেল ভেসে উঠলে বা তেল ছেড়ে দিলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিন। ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো বিছিয়ে দিন।
শেষ ছোঁয়া: ওপর থেকে কয়েকটি চেরা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন।
ঝোল মাখা মাখা ও ঘন হয়ে তেল ওপরে ভেসে উঠলেই, নামিয়ে নিন জিভে জল আনা পাবদা মাছের কষা ভুনা।
