আবারও সভাপতি নির্বাচনে এশিয়াকে পাশে পাচ্ছেন ইনফান্তিনো
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
২০২৭ সালে ফিফা সভাপতি নির্বাচন, চতুর্থ মেয়াদের জন্য লড়বেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার জেরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল উয়েফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। চিত্র উল্টে যাচ্ছে, এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সভাপতির আসন্ন নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন জানাবেন।
শুক্রবার টোকিওতে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন জানাবেন। বিশেষ কংগ্রেস সভায় ভাষণের সময় সালমান সংস্থার সদস্যদের সামনে ইনফান্তিনোকে জড়িয়ে তার প্রতি সমর্থনের কথা জানান।
বাংলাদেশসহ এএফসিতে ৪৭টি সদস্য দেশ রয়েছে। ইনফান্তিনো চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন নিশ্চিত। ফিফা নির্বাচন আসছে মার্চে এবং যার প্রার্থীদের মনোনয়ন জমার শেষ তারিখ ১৮ নভেম্বর। এপর্যন্ত কেউই মনোনয়ন জমা দেননি।
এএফসি সভাপতি বলেছেন ‘ফিফা সভাপতি হিসেবে আপনার নতুন দায়িত্ব গ্রহণের প্রচেষ্টায় আপনাকে ও আপনার নেতৃত্বকে সমর্থন করার জন্য আমরা পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আপনি এশিয়ার অনেক দেশ সফর করেছেন। এই মহাদেশের অনেক সদস্যের সঙ্গে কথা বলেছি। আপনার অনুভূতি জানি এবং মনে করি আপনার অঙ্গীকারও সুস্পষ্ট।’
ইনফান্তিনোকে উদ্দেশ্য করে মন্তব্যে শেখ সালমান ইঙ্গিত দিয়েছেন, এএফসির সব সদস্য এই সমর্থনের সঙ্গে একমত হবেন না, তবে বেশিরভাগই হবেন। বলেছেন, ‘আমার জানি অধিকাংশ সদস্যের অনুভূতি। সেবিষয়ে আমি নিশ্চিত। আমি আপনাকেও একথাই বলতে চাই।’
মাত্র দুমাসের কিছু বেশি সময় আগে, এএফসি সেসময় ইউরোপ, নর্থ ও সেন্ট্রাল আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাথে যোগ দিয়ে বলেছিল যে, ইনফান্তিনো বিশ্বাসের মৌলিক লঙ্ঘন করেছেন। বিশ্বকাপের মালিকানার অংশ বিক্রির পরিকল্পনা করেছেন। অবশ্য পরে চাপে পড়ে পরিকল্পনা বাতিল করে ক্ষমাও চান ইনফান্তিনো।
শেখ সালমান বলেছেন, ‘জিয়ান্নি, আমি এটা স্পষ্ট করে বলতে চাই, অতীতে আমাদের মধ্যে কিছু সমস্যা ছিল, যা নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু আসুন, এই দুটি বিষয়কে এক করে না দেখি। আমার মনে হয়, জুরিখে কয়েকদিনে আমাদের সাক্ষাতে আপনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে, আমাদের মধ্যে একটি প্রকৃত বোঝাপড়া রয়েছে।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
