ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মেহজাবীনের ক্ষোভ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি: সংগৃহীত
-->জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে এজন্য সরব হয়েছেন এই অভিনেত্রী। প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়। এটি একটি অপরাধ। কিন্তু যখন একই কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকে, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি আরও বড় একটি সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে। তখন প্রশ্ন জাগে, সমাজ হিসেবে আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি? এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটাও আর বলতে ইচ্ছে করে না যে, একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত! কারণ কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?’
এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘কিছু ভিউ, কিছু লাইক, কিছু শেয়ার, ট্রেন্ডিংয়ে থাকা, হয়তো সেখান থেকে কয়েকটা ডলার আয়। আমি বুঝি, মানুষের জীবনে সংগ্রাম আছে। অনেকের জন্য কনটেন্ট তৈরি করাই এখন জীবিকা নির্বাহের একটি উপায়। সেই বাস্তবতাকে আমি অস্বীকার করতে চাই না। কিন্তু প্রশ্ন হলো, কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠল? আর বিষয়টা এখন শুধু নারী কিংবা পুরুষের মধ্যেও সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট আর ট্রেন্ডিংয়ের এই প্রতিযোগিতা এখন লিঙ্গের সীমারেখাও ছাড়িয়ে গেছে। ক্ষতিকর কিছু ছড়িয়ে দেওয়ার অংশ হতে পারে যে কেউ, আবার এর শিকারও হতে পারে যে কেউ।’
সর্বশেষ মেহজাবীন লিখেছেন, ‘আমাকে সবচেয়ে বেশি ভাবায় শুধু সেই মানুষটি নয়, যে এমন কিছু তৈরি করছে। বরং সেই অসংখ্য মানুষ, যারা স্বেচ্ছায় সেটি শেয়ার করছে, আলোচনা করছে এবং আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।’
আরও পড়ুন
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম
বলিউড অভিনেতা ইমরান খান। ছবি: সংগৃহীত
-->মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কয়েক দিনের মাথায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ।
বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার জন্য মুম্বাই পুলিশের দেওয়া বিজ্ঞপ্তিতে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট ধারায় ইমরান খানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইমরান খান পূর্ণাঙ্গ ভারতীয় নাগরিক নন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তার কাছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে।
ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫ এর ধারা অনুযায়ী তাকে দেশ ছাড়ার এই নোটিশ দেওয়া হয়েছে।
এই ধারার ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ভারতে বিদেশি নাগরিকদের প্রবেশ, প্রস্থান, অবস্থান বা চলাফেলা নিয়ন্ত্রণ, বিধিনিষেধ আরোপ কিংবা নিষিদ্ধ করার বিষয়ে আদেশ বা নির্দেশিকা জারির ক্ষমতা ভারত সরকারের হাতে রয়েছে।
এর আগে বিজেপি নেতা কিইরিট সোমাইয়া মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করেন।
অভিযোগে তিনি বলেন, একটি বেআইনি রাজনৈতিক আন্দোলনে অংশ নিয়ে ওসিআই বিধিমালা ও ভিসার শর্ত লঙ্ঘন করার কারণে এই অভিনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সূত্র: এনডিটিভি
অলি/
আরও পড়ুন
তারকাদের শুভেচ্ছা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ এএম
দৈনিক খবরের কাগজ তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যেই পাঠকদের আস্থা তৈরিতে সক্ষম হয়েছে। খবরের কাগজ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোবিজ অঙ্গনের তারকারা জানিয়েছেন শুভেচ্ছা।

দিলারা জামান
বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা খবরের কাগজ চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সাংবাদিকতার ক্ষেত্রে তারা যে নিদর্শন দেখিয়েছে ও কাজ করে যাচ্ছে এটা সত্যিই প্রশংসার যোগ্য। আমি এদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পত্রিকার সব সাংবাদিক ও কর্মীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। খবরের কাগজ শতবছর পার করুক এ শুভকামনাই রইল।
সুচন্দা
পত্রিকার শুভ জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। শুভ জন্মদিন খবরের কাগজ। এই পত্রিকার সঙ্গে যুক্ত সবার প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা ও অফুরন্ত ভালোবাসা। পত্রিকাটি সব সময় সুন্দর, ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক–এই কামনা করি।
ছটকু আহমেদ
খবরের কাগজ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি খুব আনন্দিত। কারণ, এখন খবরের খুব দৈন্যতা, খবর বলতে এখন মনে হয় সব গুজব। যা-ই পড়ি, তা-ই মনে হয় সব এআই দিয়ে বানানো হয়েছে। এখন সঠিক খবর, সত্য খবর জানানোর জন্য ভালো পত্রিকা দরকার। সেই জায়গায় খবরের কাগজ যদি নতুন দিগন্ত উন্মোচন করে দেয়, আমরা খুব খুশি হব। আমরা চাইব খবরের কাগজ-এর মাধ্যমে সত্য সাংবাদিকতা আবার জেগে ওঠে এবং হলুদ সাংবাদিকতা দূর হয়ে যায়।
অপু বিশ্বাস
খবরের কাগজ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা। খবরের কাগজ খুব সুন্দর করে শিল্পীদের উপস্থাপন করে। আমার আশা ও প্রত্যাশা, তারা যেন এভাবেই যেন উপস্থাপনা করে যায়। তাদের সংবাদে সব সময়ই সত্য উপস্থাপন থাকে। এটি যেন সর্বদা থাকে। সর্বোপরি বলব, প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আজাদ আবুল কালাম
খবরের কাগজ তিন বছর পার করে চতুর্থ বর্ষে কাজ করে যাচ্ছে। আমি তাদের সাফল্য কামনা করি। আশা করি খবরের কাগজ সব সময় শিল্পীদের সঙ্গে থাকবে। খবরের কাগজ-এর উত্তরোত্তর উন্নতি হোক।
কুসুম শিকদার
শুভ জন্মদিন খবরের কাগজ। খবরের কাগজ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রার্থনা ফারদিন দীঘি
খবরের কাগজের শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি চাই এভাবেই তারা সব সময় পাশে থাকুক।
নিরব
খবরের কাগজ-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তিন বছর মানুষের মন জয় করে চতুর্থ বছরে পদার্পণ করেছে। খবরের কাগজ-এর জন্য অনেক শুভকামনা। শুভ জন্মদিন খবরের কাগজ।
আশনা হাবিব ভাবনা
খবরের কাগজ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভকামনা। খবরের কাগজ যেন সব সময় সত্যের পক্ষে থাকে এবং সুন্দরের সঙ্গে থাকে। শুভ জন্মদিন।
ফাতেমা তুয যাহরা ঐশী
খবরের কাগজ-এর চতুর্থ বর্ষে পদার্পণে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমাদের সঙ্গে খবরের কাগজ থাকুক। আমাদের সংস্কৃতি ও দেশের খবর সুন্দরভাবে খবরের কাগজ পাঠকের পৌঁছে দিক এই কামনা রইল।
নিলয় আলমগীর
খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা। খবরের কাগজ সুন্দর সুন্দর খবর পরিবেশন করবে এই আশা করছি।
জান্নাতুল সুমাইয়া হিমি
খবরের কাগজ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা। এই পত্রিকার কাছে আশা থাকবে তারা যেন সব সময় সত্য এবং সঠিক খবর সবার কাছে পৌঁছে দেয়। শুভ জন্মদিন খবরের কাগজ।
/এস লুপিন
আরও পড়ুন
বশির আহমেদ’কে সম্মাননা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম
কালজয়ী সঙ্গীতশিল্পী প্রয়াত বশির আহমেদ’কে চলতি বছর মরনোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। তার এই প্রাপ্তির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বাংলাদেশেরই সাংবাদিকদের একটি সংগঠন আগামী ৮ নভেম্বর রাজধানীর শাহবাগস্থ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বশির আহমেদ’কে মরনোত্তর বিশেষ সম্মাননা প্রদান করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বশির আহমেদ’র মেয়ে হোমায়রা বশির ও ছেলে রাজা বশির।
হোমায়রা বশির ও রাজা বশির বলেন,‘ আমরা রাষ্ট্রের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমার বাবাকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে তাকে মরনোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বাবার যে অবদান, তার অবদানের সেই স্বীকৃতিস্বরূপ তাকে যে সম্মান দিয়েছে রাষ্ট্র তাতে আমরা পুরো পরিবার রাষ্ট্রের প্রতি ভীষণ কৃতজ্ঞ। আবার এই প্রাপ্তিকে সম্মান জানিয়ে আগামী ৮ নভেম্বর যে সম্মাননা দেয়া হচ্ছে সেটাও আসলে অনেক ভালোলাগার। বাবা আমাদের মাঝে নেই কিন্তু তিনি না থেকেও আমাদের জীবনজুড়ে আছেন তিনি। আমাদের ভাই বোনের, আমাদের পরিবারের সুরের মাঝে আছেন তিনি, তিনি আছেন আমাদের মাথার উপর ছায়া হয়ে। আর এটাই যেন আমাদের আগামীদিনে এগিয়ে যাবার প্রবল অনুপ্রেরণা এবং অসীম শক্তি। আমার বাবা এবং মায়ের জন্য দোয়া করবেন সবাই।’
এদিকে হোমায়রা বশির জানান তারা দুই ভাই বোন মিলে কিছু মৌলিক গানেরও কাজ করছেন। গানগুলো শিগগিরই প্রকাশ পাবে। ১৯৩৯ সালের ১৯ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নাসির আহমেদ। দিল্লির এক পরিবারের সন্তান বশির আহমেদ কলকাতায় ওস্তাদ বেলয়েত হোসেনের কাছ থেকে সঙ্গীত শেখার পর মুম্বাইয়ে চলে যান। সেখানে উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ’র কাছে তালিম নেন।
১৯৬৪ সালে তিনি সপরিবারে ঢাকায় আসেন। ঢাকায় আসার আগেই উর্দু চলচ্চিত্রে গান গাওয়া শুরু করে বশির আহমেদ। চলচ্চিত্রে ‘যব তোম একেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে’ গানটি পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার কণ্ঠস্বর ছিল মাধুর্যে ভরা। রাগ সঙ্গীতেও দখল ছিল তার। তালাশ চলচ্চিত্রে বিখ্যাত শিল্পী তালাত মাহমুদের সঙ্গে কাজ করেন। ২০১৪ সালের ১৯ এপ্রিল, শনিবার মোহাম্মদপুরে নিজের বাসায় তিনি মারা যান। বশির আহমেদ-এর কন্ঠের বিখ্যাত গানগুলো হচ্ছে আমি রিক্সাওয়ালা মাতওয়ালা, আমাকে পুরাতে যদি এত লাগে ভাল, যারে যাবি যদি যা, অনেক সাধের ময়না আমার, ডেকোনা আমারে তুমি কাছে ডেকো না, মানুষের গান আমি শুনিয়ে যাবো ইত্যাদি।
/এসএল
আরও পড়ুন
‘অবহেলা’য় আবুল হায়াত
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম
কিংবদন্তী অভিনেতা, নাট্যকার, নাট্যনির্দেশক আবুল হায়াতকে নিয়ে এবারই প্রথম কোনো নাটক নির্মাণ করেছেন জিয়া উদ্দিন আলম। ফেরারী ফরহাদের রচনায় আবুল হায়াত অভিনয় করেছেন ‘অবহেলা’ শিরোনামের একটি নাটকে। লেজার ভিশন’ ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে।
আবুল হায়াত বলেন,‘ এখনতো আসলে পারিবারিক গল্পের নাটক নির্মাণের হিড়িক পড়েছে চারিদিকে। এটা খুবই ভালো বিষয়। তবে নাটকে ভাষার ব্যবহারের বিষয়ে আমার এখনো আপত্তি আছে। ভাষাটা আমাদের ঠিক করা উচিত। গ্রামীন জীবনের গল্পর নাটক হলে ঠিক আছে, তাতে আমি গ্রামের ভাষায় কথা বলবো। কিন্তু শহুরে জীবনের গল্পের নাটকে ভাষাটাকে বিকৃত করা হচ্ছে। এই জায়গাটাও ঠিক হওয়া উচিত বলে আমি মনেকরি। ভাষাটাও যদি ঠিক করা হয় তাহলে আমি বলতে পারি আমরা আমাদের নাটকের যে ঐতিহ্য ছিলো তা ফিরে পাবো। তবে আমি ভাষার ব্যবহারে খুব সচেতন। জিয়া উদ্দিন আলমের এই নাটকটির গল্প বেশ পরিচ্ছন্ন। আলম যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। আশা করছি ভালোলাগবে সবার।’
জিয়া উদ্দিন আলম বলেন,‘হায়াত স্যারকে নিয়ে এটাই আমার জীবনের প্রথম নাটক। চেষ্টা করেছি একটি ভালো গল্প নিয়ে স্যারের চরিত্রটিকে গুরুত্ব দিয়ে নাটকটি নির্মাণের। কেমন হয়েছে তা আসলে প্রচারের পর বুঝতে পারবো। ধন্যবাদ লেজার ভিশনকে আমাকে বারবার ভালো ভালো গল্পের নাটক নির্মাণের সুযোগ করে দেবার জন্য। ধন্যবাদ লেজার ভিশনের আরিফ ভাই, মাজহার ভাই ও বকুল ভাইকে।’
এদিকে আবুল হায়াত জানান চলতি মাসের শেষপ্রান্তে বেশ কয়েকটি নাটকের কাজ করবেন তিনি। আগামী রোজার ঈদ ও কোরবানীর ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য দুটি নাটক নির্মাণ করবেন তিনি যা বিগত বেশ কয়েকবছর যাবত নিয়মিতভাবেই নির্মাণ করে আসছেন আবুল হায়াত।
/এসএল
