আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ চার বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে ভুবনেশ্বর কুমারের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেটে অন্যতম বড় আলোচনার বিষয় অভিজ্ঞ এই পেসারের প্রত্যাবর্তন।
২০২৫ ও ২০২৬ সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভুবি। তাই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে কোনও ম্যাচে খেলানো না হলে তা বড়সড় সমালোচনার বিষয় হয়ে দাঁড়াবে।
তবে ভুবনেশ্বরের প্রত্যাবর্তনে দলের বোলিং বিভাগে যে প্রতিযোগিতা বাড়বে, তা একবাক্যে মেনে নিয়েছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভুবনেশ্বরের প্রত্যাবর্তন নিয়ে মুখ খোলেন শ্রেয়স।
তাঁর মতে, অভিজ্ঞ এই পেসার দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নিয়ে এসেছেন। আইপিএলের পর ভারতীয় দলে বেশ কয়েক জন নতুন বোলার এসেছিলেন। সেই পরিস্থিতিতে ভুবনেশ্বরের মতো অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি দলের জন্য যথেষ্ট কার্যকর হবে।
শ্রেয়স বলেন, ‘ভুবি অবশ্যই দলে অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছে। আইপিএলের পর আমাদের দলে এই অভিজ্ঞতাটার অভাব ছিল। অনেক নতুন বোলার ছিল। তাই ওর প্রত্যাবর্তন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
ভুবনেশ্বরের দলে ফেরাকে অবশ্য সমস্যার বদলে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন ভারতীয় অধিনায়ক। তাঁর মতে, পেসারদের মধ্যে জায়গা পাওয়ার প্রতিযোগিতা বাড়লে প্রত্যেকেই ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করার চেষ্টা করবেন।
আর শেষ পর্যন্ত দলের জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রেয়সের কথায়, ‘এক দিক থেকে এটা ভাল। দলের বর্তমান সদস্যদেরও অনুপ্রাণিত করবে। তাদের বুঝতে হবে, দলের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ম্যাচ জেতা। সেটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। তবে প্রতিটি দলের ক্ষেত্রেই এই ধরনের প্রতিযোগিতা থাকা জরুরি।’
ভুবনেশ্বরের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসাও করেছেন শ্রেয়স। গত দুটি মরশুমে আইপিএল জয়ের অভিজ্ঞতা রয়েছে ভুবির। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে কীভাবে প্রতিপক্ষকে চাপে ফেলতে হয়, সেই বিষয়ে তাঁর ভাল ধারণা রয়েছে বলেই মনে করেন ভারতীয় অধিনায়ক।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ভারতের হয়ে ৮৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৯০টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারিদের তালিকায় বর্তমানে সপ্তম স্থানে রয়েছেন এই পেসার।
আইপিএলেও গত দুটি মরশুমে দুর্দান্ত সাফল্য পেয়েছেন ভুবনেশ্বর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরপর দু’বার আইপিএল জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। মাত্র ৩০টি ম্যাচে ৪৫টি উইকেট নিয়েছেন ভুবি।
বিশেষ করে ২০২৬ সালের আইপিএলে ১৬টি ম্যাচে ২৮টি উইকেট নিয়ে নজর কেড়েছিলেন ভুবি। টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার হিসেবেও বিবেচিত হয়েছিলেন তিনি।
https://youtu.be/JwFdq_tA9cE?si=3QkNYyh3xTaQ6cYQ
এবার আন্তর্জাতিক মঞ্চেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য ভুবনেশ্বরের। তাঁর প্রত্যাবর্তনে ভারতীয় পেস আক্রমণ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে সুইং পেলে ভুবি যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন তাতে কোনও সন্দেহ নেই।
