বিএম তারেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডার জরিপ কর্মসূচি ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে সচেতনতামূলক ও তদারকি কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।
জরিপ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, লাখাই উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোতালেব, করাব ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরিপের প্রথম দিন থেকেই করাব ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। তাঁরা প্রতিটি পরিবারের অর্থনৈতিক অবস্থা, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রাসংক্রান্ত তথ্য সংগ্রহ করে তালিকাভুক্ত করছেন।
কর্মসূচিতে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই তথ্যভাণ্ডার তৈরির মাধ্যমে এলাকার পরিবারগুলোর প্রকৃত অবস্থা ও প্রয়োজন চিহ্নিত করা সম্ভব হবে। সংগৃহীত তথ্য ভবিষ্যতে সরকারি ও সামাজিক সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষেত্রে সহায়ক হতে পারে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের দাবি, জরিপের প্রথম দিনে স্থানীয় বাসিন্দাদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তথ্য সংগ্রহের কাজে তাঁরা সহযোগিতা করছেন। শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানিয়েছেন তদারককারী কর্মকর্তারা।
