প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৪১ পিএম
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৫-২৯ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে আগামী ২৯ অক্টোবর ফলাফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে কর্মকর্তা জানিয়েছেন।
কর্মকর্তারা বলছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক চীন সফরে আছেন। চীন থেকে দেশে ফিরলে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।
এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আগামী ২৫-২৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে।
এ বছর সারাদেশে একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই।
৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লেগে যায়।
এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি)/এইচএসসি(ভোকেশনাল)/ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।