চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদীর সেতু আগামী ১৫ অক্টোবর চালু হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকার পর সেতুটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটি চালু উপলক্ষে চীন ও উত্তর কোরিয়া যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে।
রয়টার্স জানায়, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ২০১৪ সালে সেতুটির চীনের অংশের নির্মাণকাজ শেষ হয়। তবে উত্তর কোরিয়ার অংশে সংযোগ সড়ক ও শুল্ক বিভাগের স্থাপনা নির্মাণ শেষ না হওয়ায় সেতুটি চালু করা সম্ভব হয়নি।
দেশটির একের পর এক পারমাণবিক পরীক্ষার পর জাতিসংঘ নিষেধাজ্ঞা দিলে চীন ও উত্তর কোরিয়ার সম্পর্কেও টানাপড়েন তৈরি হয়।
নতুন সেতুটি চালু হলে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বাড়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বেইজিং ও পিয়ংইয়ংয়ের সম্পর্কের উন্নতিরও ইঙ্গিত মিলছে। এর কয়েক সপ্তাহ আগে রাশিয়ার সঙ্গে নিজেদের প্রথম সড়ক সেতু চালু করে উত্তর কোরিয়া।
চীনের সঙ্গে উত্তর কোরিয়ার বাণিজ্যও বাড়ছে। গত বছর উত্তর কোরিয়ায় চীনের রপ্তানি বেড়ে ২৩০ কোটি ডলারে পৌঁছায়। গত ছয় বছরের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ। আগের বছরের তুলনায় রপ্তানি বেড়েছিল ২৫ শতাংশ।
তবে ২০১৭ সালে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের আগের সময়ের তুলনায় চীনের রপ্তানি এখনো অনেক কম।
