আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট' (আইসিসিএ ২০২৬)।
গত ১৫ ও ১৬ অক্টোবর দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিশেষজ্ঞরা কম্পিউটিং প্রযুক্তির অগ্রগতি, সাম্প্রতিক উদ্ভাবন এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা নিজেদের গবেষণাকর্ম উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন।
সম্মেলন বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের (এফএসটি) সহযোগী ডিন ও সম্মেলনের জেনারেল চেয়ার প্রফেসর ড. খন্দকার তাবিন হাসান, একই অনুষদের ডিন ও সম্মেলনের প্রোগ্রাম চেয়ার প্রফেসর ড. দীপ নন্দী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।
এ বছরের সম্মেলনে ১৭টি দেশ থেকে ৯০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়ে। সেখান থেকে ২১৪টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত গবেষণাপত্রগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডাসহ বিভিন্ন দেশের গবেষকদের গবেষণাকর্ম স্থান পায়।
সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স ও ব্লকচেইন প্রযুক্তিসহ কম্পিউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের বিষয় তুলে ধরা হয়েছে।
আয়োজকদের আশা, এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের গবেষক ও প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং যৌথ গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে। এ আয়োজনের মধ্য দিয়ে কম্পিউটিং ও প্রযুক্তি খাতে গবেষণা জোরদার এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এআইইউবি।
গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক, শিক্ষক, গবেষক, প্রযুক্তিবিশেষজ্ঞ এবং দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
এইচএস
