রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠটি নিজেদের দাবি করে সেখানে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। পরে প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন করে মাঠটি ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘পুরোনো বাণিজ্য মেলার মাঠটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি।’ তাদের দাবি, এরশাদ সরকারের আমলে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে নতুন সরকার ক্ষমতায় আসার পর মাঠটি ফিরে পাওয়ার প্রত্যাশা করেছিলেন তারা। তবে আমলারা সরকারকে ভুল বুঝিয়ে সেখানে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেন বক্তারা।
তারা বলেন, ‘ওই মাঠে সচিবালয় স্থাপন করা হলে রাজধানীর পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।’ পাশাপাশি কৃষি গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের জমির সংকট আরও বাড়বে। তাই মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়া এবং সেখানে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি জানান তারা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘মাঠটি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখন সেখানে সচিবালয় স্থাপনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। ফলে শ্রেণিকক্ষ ছেড়ে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হয়েছে।’ দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি পুরোনো বাণিজ্য মেলার মাঠটি ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘টেক ব্যাক শেকৃবি ল্যান্ড’ শীর্ষক কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা। ওই কর্মসূচি থেকেও মাঠটি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। তাদের দাবি, কৃষি গবেষণার জন্য প্রয়োজনীয় জমির সংকটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
