পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। সবাই মিলেমিশে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেবে উল্লেখ করে তিনি বলেন, সাম্য ও ভ্রাতৃত্ব যেন সারা জীবন বজায় থাকে, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করেন তিনি। মানুষই সবার সবচেয়ে বড় পরিচয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শন শেষে ব্যক্তিগত তহবিল থেকে মণ্ডপ কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেন তিনি।
শামা ওবায়েদ বলেন, উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন দিন-রাত কাজ করছে। নারীরা যেন স্বাধীনভাবে আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে সব ধর্মের মানুষ সম-অধিকার নিয়ে উন্নয়নের সুফল ও নিরাপত্তা পাবেন বলেও জানান তিনি।
