মেহেরপুরে ধর্ষণ মামলায় মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে মেহেরপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন (৩৫) মেহেরপুর শহরের নতুন পাড়ার বাসিন্দা নুরন্নেছার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৮ এপ্রিল দুপুরে ভুক্তভোগী ছাত্রী নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় মোশারফ ওই বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা মেহেরপুর সদর থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর পারভীন সুলতানা ও মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।
