রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন নতুন ভবনের প্রধান ফটকের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) আব্দুর রহিম প্রামানিককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পৌরসভার নতুন ভবনের দ্বিতীয় তলার ছাদ ও প্রধান ফটকের ছাদ ঢালাইয়ের কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (১৪ অক্টোবর) নিহত শ্রমিক আসাদুল ইসলামের (৩০) বাবা ঠান্ডা মণ্ডল বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলাটি করেন। আসাদুল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর গ্রামের বাসিন্দা। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় নির্মাণকাজে ২১ জন মিস্ত্রি ও শ্রমিক নিয়োজিত ছিলেন। বিকেলে ঢালাইয়ের কাজ প্রায় শেষ হওয়ার দিকে প্রধান ফটকের ছাদ ধসে পড়ে। এতে তিন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আসাদুল ইসলাম ও শিহাব নামে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মামলায় নয়জনের নাম উল্লেখ করে আরও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন ২০২০-এর স্বত্বাধিকারী শাহিদুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম প্রামানিক, পৌর প্রকৌশলী নুরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মেহেরাব হোসেন জনি, কার্যসহকারী রাফিকুন খান, দুই সাবঠিকাদার হাফিজুর রহমান ও লাবলু এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই ব্যবস্থাপক ওলিউল্লাহ ওলি ও নয়ন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এটি হত্যা মামলা নয়; দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা হয়েছে। পৌর নির্বাহী কর্মকর্তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে দুর্ঘটনার আগের দিন, সোমবার (১২ অক্টোবর), নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি পরিদর্শনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পিসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে ভবনের রড ও ছাদের কাঠামো পরিদর্শন করতে দেখা যায়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের স্বাক্ষরে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী, পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এলজিইডির উপজেলা প্রকৌশলী।
নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালে পীরগঞ্জ পৌরসভার নতুন ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন ২০২০। প্রকল্পটির বরাদ্দ ৪ কোটি ৬৯ লাখ টাকা। কার্যাদেশ অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
