পাক অধিনায়ক হিসেবে স্বপ্নের শুরু সাহিবজ়াদা ফারহানেরছবি: X
Published on
:
2 min read
সম্প্রতি পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সাহিবজ়াদা ফারহান। স্টপগ্যাপ নয়, পাকাপাকি ভাবেই এই দায়িত্ব পেয়েছেন তিনি। আর শুরুটা দারুণ হলো তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। আর ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছেন ফারহান। তিন ম্যাচেই হাফ সেঞ্চুরি করে মোট ২৩৮ রান করেছেন তিনি। আর এতেই ভেঙে দিয়েছেন ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মার রেকর্ড। নাম জুড়েছে বিরাট কোহলির সঙ্গেও। কোন কোন রেকর্ড গড়লেন ফারহান?
অভিষেক শর্মাকে টপকে নতুন নজির ফারহানের
১৩ অক্টোবর সিরিজ়ের তৃতীয় অর্থাৎ শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হারলেও ব্যাট হাতে ৭৬ রান করেন ফারহান। তার আগে প্রথম ম্যাচে ৫৩ বলে ৮৯ করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৭৩ রান করেছিলেন পাকিস্তানের এই ওপেনার। অর্থাৎ, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে ফারহানের মোট রান হয়েছে ২৩৮।
পূর্ণ সদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ে এটাই সবচেয়ে বেশি রানের রেকর্ড। এত দিন এই রেকর্ড ছিল অভিষেক শর্মার দখলে। ২০২৬ সালে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে ২২৯ রান করেছিলেন অভিষেক। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে ছাপিয়ে গেলেন ফারহান।
বিরাট কোহলির সঙ্গে এলিট লিস্টে নাম জুড়ল ফারহানের
শুধু অভিষেকের রেকর্ড ভাঙা নয়, আরও একটি বিশেষ নজির গড়েছেন ফারহান। তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ের প্রতিটি ম্যাচে অন্তত ৫০ রান করার নজির গড়েছেন তিনি। এই কৃতিত্ব রয়েছে মাত্র আট জন ক্রিকেটারের। পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ফারহান।
তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রতি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন কোহলি। গোটা সিরিজ়ে তাঁর সংগ্রহ ছিল ১৯৯ রান। তাই নতুন অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ়েই ফারহানের এমন ধারাবাহিকতা ধুঁকতে থাকা পাকিস্তান ক্রিকেটের কাছে বড় প্রাপ্তি।
