বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। তবে কিছুদিন ধরেই তাঁর কাজ থেকে বিরতি নেওয়ার খবর শোনা যাচ্ছিল। এবার নিজেই সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। চিকিৎসকদের পরামর্শে কয়েক দিন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান অমিতাভ।
পোস্টে অমিতাভ লেখেন, ‘ক্ষমা করবেন। কয়েক দিন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার জন্য আমাকে কিছুটা সময় কাজ থেকে বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাই কিছু লিখতে পারছি না।’
তবে ঠিক কী কারণে তাঁকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকেরা, তা স্পষ্ট করেননি অভিনেতা। এই বিরতির সঙ্গে সাম্প্রতিক হাঁটুর চোটের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়।
এর আগে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিংয়ে হাঁটুতে আঘাত পাওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। অনুষ্ঠানের দর্শকদের উদ্দেশে তিনি বলেছিলেন, আগের দিন শুটিং চলাকালে পিছলে পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন। সাধারণত অনুষ্ঠানের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে বক্তব্য দেন তিনি। তবে সেদিন দাঁড়িয়ে থাকতে অসুবিধা হওয়ায় বসেই কথা বলেন।
অমিতাভ জানিয়েছিলেন, হাঁটুতে ব্যথার কারণে দাঁড়াতে কিছুটা সমস্যা হচ্ছিল। তবে চোট গুরুতর নয় বলেও আশ্বস্ত করেছিলেন তিনি। পরে প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় দাঁড়ানোর কথাও জানিয়েছিলেন অভিনেতা।
সম্প্রতি ৮৪ বছরে পা দিয়েছেন অমিতাভ বচ্চন। বয়স বাড়লেও কাজের প্রতি তাঁর নিষ্ঠা ও সক্রিয়তা ভক্তদের কাছে বরাবরই আলোচনার বিষয়। দীর্ঘদিন ধরে জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা করে আসছেন তিনি।
এমএমটি
-20261023062219.jpg&w=1440&q=75)