বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিনা টিকিটে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের এ সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামী ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য মিরপুর টেস্টের পাঁচ দিনই দর্শকরা নির্ধারিত দুই গ্যালারিতে কোনো টিকিট ছাড়াই বসে খেলা উপভোগ করতে পারবেন।
তবে বিনামূল্যে প্রবেশের সুবিধা স্টেডিয়ামের সব গ্যালারির জন্য প্রযোজ্য নয়। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ডসহ অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এলাকায় প্রবেশের জন্য টিকিট লাগবে। এসব ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ। প্রথম টেস্টের পর আগামী ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। সফরে তারা বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে। আগামী ২৮ অক্টোবর মিরপুরে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
এমএম/
