Published on
:
2 min read
এতদিন পর্যন্ত ভারতে উন্মুক্ত বনাঞ্চলে বিলুপ্তপ্রায় Asiatic Lion-দের একমাত্র ঠিকানা ছিল গুজরাটের গির জাতীয় উদ্যান। তবে এ বার আর শুধু গির নয়, বন্যপ্রাণ প্রেমী, পর্যটকদের জন্য গুজরাতের সৌরাষ্ট্র অঞ্চলের বরডা বন্যপ্রাণী অভয়ারণ্যেও এই একই প্রজাতির সিংহ বিচরণ করতে দেখা যাবে। দীর্ঘ ১৪৪ বছর পরে বরডার গভীর জঙ্গল সিংহদের মুক্ত বিচরণ-ক্ষেত্রে পরিণত হয়েছে। সাম্প্রতিক গণনা অনুযায়ী, এই অভয়ারণ্যে এখন ১৭টি সিংহ রয়েছেৈ। যার মধ্যে রয়েছে ১১টি খুদে। গিরের ভিড়ভাট্টা এড়িয়ে শান্ত পরিবেশে সিংহদর্শনের জন্য বরডা এখন ভ্রমণ পিপাসুদের নতুন আকর্ষণ।
আন্তর্জাতিক গবেষণাপত্র PLOS One-এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, অভয়ারণ্যে সিংহদের জীবনযাপন যাতে সহজ হয়, তার জন্য উপযুক্ত বাসস্থান, খাবারের জোগান এবং অনুকূল পরিবেশ রয়েছে। ২০২৩ সালে গিরের জঙ্গল থেকে একটি পুরুষ সিংহ নিজে নিজেই সীমানা পেরিয়ে বরডায় এসে পড়েছিল। এর পরে গুজরাট বনদপ্তর জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে আরও ৫টি সিংহী সেখানে স্থানান্তরিত করে। ২০২৫ সালের সিংহ গণনার তথ্যানুসারে, বর্তমানে এই অভয়ারণ্যে ৬টি প্রাপ্তবয়স্ক এবং ১১টি ছানা মিলিয়ে মোট ১৭টি সিংহের স্থায়ী নিবাস গড়ে উঠেছে। ‘Beyond Gir: Barda Wildlife Sanctuary as a Potential Stronghold for Asiatic Lions’ শীর্ষক গবেষণার জন্য ৬টি সিংহের গলায় GPS কলার পরিয়ে তাঁদের গতিবিধি ও খাদ্যাভ্যাসের Gপর দীর্ঘ পর্যবেক্ষণ চালানো হয়েছে।
গুজরাটের পোরবন্দর এবং দেবভূমি দ্বারকা জেলার প্রায় ১৯২.৩১ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই অভয়ারণ্য। পোরবন্দর শহর থেকে যার দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। ১৯৭৯ সালে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষিত এই জঙ্গলে লেপার্ড, হায়না, শিয়াল, হরিণ-সহ নানা বন্যপ্রাণী রয়েছে। রয়েছে ওষধি উদ্ভিদের প্রাচুর্য। ১৯৭৯ সালেই গুজরাট সরকার ‘গির-বরডা প্রজেক্ট’ চালু করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল গিরের বাইরে এশীয় সিংহদের জন্য দ্বিতীয় নিরাপদ বাসস্থান গড়ে তোলা। দীর্ঘ সাড়ে চার দশক পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল।
কী ভাবে যাবেন?
নিকটতম বিমানবন্দর: বার্ডা অভয়ারণ্যের সবচেয়ে কাছে রয়েছে পোরবন্দর বিমানবন্দর। জঙ্গল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। মুম্বই-সহ ভারতের বেশ কিছু প্রধান শহরের সঙ্গে পোরবন্দর আকাশপথে ভালো ভাবেই সংযুক্ত।
এ ছাড়া বিকল্প হিসেবে আমেদাবাদ বিমানবন্দর রয়েছে। সেখানে নেমেও সড়ক বা রেলপথে বরডায় পৌঁছতে পারেন। আমেদাবাদ থেকে বরডার দূরত্ব প্রায় ৪১৫ কিলোমিটার।
নিকটতম রেলস্টেশন: পর্যটকদের জন্য সবচেয়ে সুবিধাজনক রেলওয়ে স্টেশন হলো পোরবন্দর রেলস্টেশন। অভয়ারণ্য থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ ছাড়া একটু দূরে ১০০ কিলোমিটারের মধ্যেই রয়েছে জামনগর রেলস্টেশন।
পোরবন্দর স্টেশনটি গুজরাটের প্রধান শহরগুলির সঙ্গে রেলপথে সংযুক্ত। স্টেশন থেকে ক্যাব ভাড়া করে সরাসরি জঙ্গলে পৌঁছতে পারেন।