ভাতা নির্ভরতা আর নয়। এবার আত্মনির্ভর হতে হবে বাংলাকে। হলদিয়া থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আত্মনির্ভর ভারত গড়াই লক্ষ্য। এর জন্য শপথ নিতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আত্মনির্ভর হচ্ছে। সেই পথে হাঁটতে হবে বাংলাকেও। ভাতা নির্ভরতা কাটিয়ে আত্মনির্ভর হতে হবে।
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই ভাতার বিরুদ্ধে বার্তা দিয়েছেন শুভেন্দু। সরকার গঠনের পরেই ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতা বন্ধ হয়েছে। তবে আয়ুষ্মান যোজনা, বিধবা ভাতা থেকে শুরু করে একাধিক ভাতা চালু রয়েছে। এই পরিস্থিতিতে দুর্গাপুজোর আগে ফের একবার বাংলাকে আত্মনির্ভর করার ডাক দিলেন শুভেন্দু। ধীরে ধীরে বাংলায় শিল্প আসছে। এই আবহে বাংলা যাতে ভাতা নির্ভরতা কাটিয়ে ওঠে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। এদিন হলদিয়ায় ৬ হাজার কোটির বিনিয়োগ হয়েছে। আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আরও বেশি করে শিল্প আসবে রাজ্যে। বাংলায়ে কী কী বিনিয়োগ আসতে চলেছে তার খতিয়ান তুলে ধরেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানান, হলদিয়ায় ৯৮ একর জমিতে পেপসির নতুন প্ল্যান্ট হবে। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি এর জন্য জায়গা দিয়েছে। এছাড়াও হলদিয়ায় মেডিক্যাল ইকুইপমেন্ট তৈরির কারখানা তৈরি হবে। ৫০ একর জমিতে এই কারখানা তৈরি করা হবে। আগামী ১ বছরে হলদিয়ায় শিল্পক্ষেত্রে আরও উন্নতি হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, চতুর্থীতে বাংলায় শিল্পে নয়া লগ্নি। হলদি নদীর পাড়ে বিনিয়োগ হচ্ছে ৬ হাজার কোটি টাকা। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) হলদিয়ায় নতুন ফেনল প্ল্যান্টের উদ্বোধন করলেন। ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্র গড়ল হলদিয়া পেট্রো কেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ সহযোগী সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড। এই বিনিয়োগে হলদিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে। সেই কথা মনে করা হচ্ছে। হলদিয়া ফের এক কর্মসংস্থান ও বিনিয়োগের মুখ হয়ে উঠবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। হলদিয়ায় শ্রমিকদের সুবিধার জন্য ২০২৭ সালের জুন মাসে ট্রমা সেন্টার উদ্বোধন হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
