৪৩৬ পরিবারকে মশারি বিতরণ কেসিসির প্রশাসকের
খুলনা নগরীতে ডেঙ্গুর সংক্রমণ কমাতে এবং জনসচেতনতা বাড়াতে ১০ ও ১২ নম্বর ওয়ার্ডের ৪৩৬টি পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। গতকাল সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মশারি বিতরণ করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ‘খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ ও ২’ প্রকল্পের আওতায় স্বল্প আয়ের পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ডেঙ্গু থেকে সুরক্ষা এবং সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেসিসি পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর এইচএম আবু সালেক, সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিম লিটন প্রমুখ। খুলনা প্রতিনিধি
চোখের আলো ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত ৩০০ মানুষ
অর্থাভাবে থমকে থাকা চোখের আলো ফিরে পাওয়ার আনন্দে যেন নতুন জীবন পেলেন কুমিল্লার মুরাদনগরের তিন শতাধিক অসহায় মানুষ। গতকাল উপজেলার পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর সমিতি-ঢাকার উদ্যোগ ও সুরাইয়া ইসলামের সৌজন্যে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরে তাদের এ সেবা দেওয়া হয়। ‘কুমিল্লা চক্ষু হাসপাতাল’ ও ‘বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার চিকিৎসকদের পরিচালনায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই বিশেষ ক্যাফেতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ, চশমা ও ওষুধ বিতরণ করা হয়। শিবিরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল পরীক্ষা শেষে চিহ্নিত ৮০ জন ছানি পড়া দুস্থ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে কুমিল্লা চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করা। দীর্ঘদিন অর্থাভাবে চোখ দেখাতে না পারা রোগীরা বাড়ির কাছে এমন বিশ্বস্ত ও আধুনিক সেবা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মুরাদনগর সমিতি-ঢাকার সভাপতি প্রকৌশলী মো. এনামুল হক খানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক কৃষিবিদ জামাল উদ্দিন আহমদ। মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মাটি ভর্তি ট্রাক আটক, ৫০ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে মাটি ও বালু কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বিশেষ অভিযান চালিয়ে তাকে মাটি ভর্তি ট্রাকসহ পাচারকারীকে আটক করে। সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচান এলাকা থেকে ১টি বালু মাটি ভর্তি ট্রাক এবং ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল করিমকে আটক করে। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা
রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নে চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে চালু হয়েছে জরুরি অ্যাম্বুলেন্স সেবা। গতকাল সকালে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার। ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং প্রয়োজনে দ্রুত হাসপাতালে নেওয়ার সুবিধা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু। তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেও এ সেবা চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহম্মেদসহ গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে আটক
বেনাপোলে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। গতকাল বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় এলাকায় তাকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোরগামী একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করেন। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বেনাপোল (যশোর) প্রতিনিধি
উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের প্রস্তুতি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় এলাকার সর্বসাধারণের জান-মাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনে উপকূলীয় জেলাগুলোতে পূজামণ্ডপ ও মন্দিরসমূহে নি-িদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় ভোলা শহরের মিহির লাল সাহার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান। ভোলা (উত্তর) প্রতিনিধি
ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক
জামালপুরের মেলান্দহে ইয়াবাসহ হোসেন আলী নামে ওয়ার্ড বিএনপির সভাপতিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুলকোচা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তার কাছ থেকে ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হোসেন আলী ফুলকোচা দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর ছেলে। তিনি উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডার
শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে খাগড়াছড়ির রামগড়ে দূর্গাপুজার মণ্ডপ পরিদর্শনে এসআরবি-৭ ফেনির টহল দল। গতকাল সকাল ৯টার দিকে রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৭, সিপিসি-১ এর ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মিজানুর রহমান। জানা যায়, সিপিসি-১ ফেনি ক্যাম্পের আওতাধীন সবকটি পূজামণ্ডপগুলোতে চারটি গাড়ি ২৪ ঘণ্টা নিয়মিত টহল চলমান। প্রতিটি মণ্ডপে আমাদের টহল দল, কুইক রেসপন্ডার টিম এবং আমাদের মোবাইল নম্বর দেওয়া রয়েছে। রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
