সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে হামলার একদিন পর এ হুমকি দেয় গোষ্ঠীটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা হুমকির মুখে থাকা স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে। ইয়েমেনে সৌদি আরবের হামলার প্রতিশোধ হিসেবেই এসব আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি তাদের।
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই সৌদি আরবে হুতিদের হামলা বাড়তে থাকায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত এক সপ্তাহে সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে হুতিরা। এর মধ্যে শনিবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরামকোর সদর দপ্তরে আগুন
রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি জানিয়েছেন, মঙ্গলবার রাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে সৌদি আরামকোর সদর দপ্তরে হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। আগুন ভবনটির কয়েকটি তলায় ছড়িয়ে পড়েছিল বলে তাদের দাবি।
তবে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সীমিত পরিসরে আগুনের ঘটনা ঘটেছে।
বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, হামলার পরও আরামকোর কার্যক্রম স্বাভাবিক ছিল। কর্মীরা বাড়ি থেকে কাজ করছিলেন। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সৌদি আরামকো।
