সংবিধান সংশোধনীতে বিরোধীদল সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাংবিধানিক সংশোধনী আনতে চান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি সাংবিধানিক সংশোধনী আনতে চাই; যে সংশোধনীকে অনেকে সংস্কার বলতে পারেন।’
‘তারা সংস্কার বলে যদি তুষ্ট থাকেন, আমাদের আপত্তি নেই কিন্তু তারা এই সংবিধান সংশোধনীতে বিরোধী দল হিসেবে সহযোগিতা এখনো পর্যন্ত করছে না’—উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমরা শুনেছি গতকাল, বিরোধীদলীয় নেতা বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবেন না। ১৮ কোটি জনগণকে সহযোগিতা করবেন। ১৮ কোটি জনগণকে সহযোগিতা করুন, এটাই আমরা চাই।’
‘বিরোধীদল হিসেবে গঠনমূলক সমালোচনা এবং সরকারের ভুল-ত্রুটি ধরে দেবেন, এটাই আমরা চাই। কিন্তু রাস্তার বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে আপনাদের যে অবদান, দুটোর মধ্যে মিল থাকতে হবে’—বলেন তিনি।
