রাশিয়ার মস্কোতে ব্রিকস+ ফ্যাশন সামিটে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর আসাদ সাত্তার। আন্তর্জাতিক মঞ্চে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের ফ্যাশন, নিজস্ব নকশা ও সাংস্কৃতিক পরিচয়ের সম্ভাবনা।
বাংলাদেশের ফ্যাশন, সংস্কৃতি ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর আসাদ সাত্তার। টানা দ্বিতীয়বারের মতো রাশিয়ার মস্কোতে আয়োজিত ব্রিকস+ ফ্যাশন সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

২০২৬ সালের ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সামিটের পূর্ণাঙ্গ অধিবেশনে ফ্যাশনের মাধ্যমে সংস্কৃতি গঠন এবং সফট পাওয়ার বা সাংস্কৃতিক প্রভাব বিস্তারের কৌশল নিয়ে বক্তব্য দেন আসাদ।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। তবে দেশের ফ্যাশন শিল্পের নিজস্ব নকশা, ঐতিহ্যবাহী কারুশিল্প ও সৃজনশীল গল্পগুলোও বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ রয়েছে বলে মনে করেন আসাদ।
সামিটে তিনি আলোচনা করেন, কীভাবে ফ্যাশনকে কাজে লাগিয়ে বাংলাদেশের সংস্কৃতি ও কারুশিল্পের পরিচয় আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়। আসাদের মতে, ফ্যাশন কেবল পোশাক বা নান্দনিকতার বিষয় নয়; এটি শিল্পের সঙ্গে পরিচিত হওয়ারও একটি মাধ্যম।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাশন হলো শিল্পে প্রবেশের একটি সহজ পথ। বেশির ভাগ মানুষের জন্য এটিই শিল্পের প্রথম দরজা। কারণ, সবাই ছবি আঁকতে বা বাদ্যযন্ত্র বাজাতে পারেন না, কিন্তু প্রতিদিন সকালে সবাই পোশাক পরেন।’
বাংলাদেশের ফ্যাশন শিল্পে নকশা ও সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখছে আর্কা ফ্যাশন উইক। দীর্ঘদিন ধরে তৈরি পোশাক উৎপাদনে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকলেও আন্তর্জাতিক ফ্যাশনে নিজস্ব নকশার পরিচিতি গড়ে তোলার সুযোগ রয়েছে বাংলাদেশের। আসাদ সাত্তার বলেন, ‘একটি পোশাকের দাম থাকে, কিন্তু একটি নকশা বহন করে নিজস্ব দৃষ্টিভঙ্গি। আর সেই দৃষ্টিভঙ্গি যেকোনো বাণিজ্যিক প্রতিনিধিদলের চেয়েও বহুদূর পৌঁছাতে পারে।’

আসাদের এই দর্শনের সঙ্গে যুক্ত আর্কার নামও। ‘আর্কা’ শব্দের অর্থ সূর্য। সফট পাওয়ারের প্রসঙ্গে তিনি সূর্য ও স্পটলাইটের উদাহরণ টেনেছেন। স্পটলাইটের আলো নির্দিষ্ট একজনের ওপর পড়ে, অন্যদিকে সূর্য প্রতিদিন উদিত হয়। তাঁর মতে, আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক প্রভাব তৈরি করতে হলে কোনো একজনকে কেন্দ্র করে নয়; বরং এমন একটি শক্তিশালী সৃজনশীল পরিমণ্ডল গড়ে তুলতে হবে, যা নিয়মিতভাবে নতুন প্রতিভা ও সম্ভাবনাকে সামনে নিয়ে আসবে। আসাদের ভাষায়, সফট পাওয়ার অর্জন করতে হলে ‘একটি সূর্য গড়ে তুলতে হবে’।

এদিকে আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর ঢাকার আলোকিতে ফিরছে আর্কা ফ্যাশন উইক। এবারের আয়োজনে ব্রিকস+ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফ্যাশন প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আর্কার ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। বাংলাদেশের ফ্যাশনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার এই উদ্যোগ দেশের নকশা ও সৃজনশীলতাকে নতুনভাবে পরিচিত করার একটি সুযোগ তৈরি করবে।
ছবি: আসাদ সাত্তার
