সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের জন্য সুখবর। ২০২৫-২০২৬ অর্থবছরে বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফা গ্রাহকদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ অর্থবছরে বিনিয়োগ থেকে সর্বনিম্ন ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা অর্জিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বিনিয়োগ করা অর্থ থেকে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে। কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ মুনাফা গ্রাহকদের মধ্যে বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়।
আইন ও বিধিমালা অনুযায়ী, প্রত্যেক গ্রাহকের জমার পরিমাণ এবং জমা রাখার সময়কাল বিবেচনায় নিয়ে অর্জিত মুনাফা তাঁদের নিজ নিজ পেনশন হিসাবে বা করপাস হিসাবে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করা এবং গ্রাহকদের জমা করা অর্থের সর্বোচ্চ নিরাপত্তা ও যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, মুনাফা বণ্টনের ফলে এ স্কিমের গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এবং সর্বজনীন পেনশন কার্যক্রম আরও গতিশীল হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট গ্রাহকদের পেনশন হিসাবে অর্জিত মুনাফার হিসাব ইতোমধ্যে যুক্ত করা হয়েছে।
