গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে ফারুক ও নয়ন নামে দুজনকে শনাক্ত করেছেন ভুক্তভোগী নারী। ঘটনার পর হুমকির ভয়ে দুই দিন ঘরবন্দি থাকার পর বুধবার স্বজনদের সহায়তায় থানায় অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী ওই নারীর বয়স ২০ বছর। তার বাড়ি শেরপুর জেলায়। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হানু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। অভিযুক্ত নয়ন একই এলাকার সুলতান উদ্দিনের ছেলে। ফারুকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ভুক্তভোগীর অভিযোগ, গত সোমবার তারা বাসা পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় যুবক ফারুক ও নয়ন তার স্বামীকে ডেকে নিয়ে যান। পরে রাত সাড়ে আটটার দিকে ফারুক ও নয়নসহ চারজন তাদের ঘরে প্রবেশ করেন।
একপর্যায়ে অভিযুক্তরা তার স্বামীকে মারধর করে পাশের একটি কক্ষে আটকে রাখেন। পরে ওই নারীকে হাত-পা বেঁধে ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী নারী বলেন, অভিযুক্তদের কাছে বারবার আকুতি জানিয়েও তিনি রেহাই পাননি। ঘটনার পর তাদের হুমকির কারণে থানায় যাওয়ার সাহস করেননি। পরে স্বজনদের খবর দিলে তারা এসে তাকে ও তার স্বামীকে নিয়ে থানায় যান।
ওই নারীর স্বামীর অভিযোগ, তাকেও আটকে রেখে মারধর করা হয় এবং ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিষয়টি জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানার পরিদর্শককে (তদন্ত) নির্দেশনা দেওয়া হয়েছে।
