টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন মায়ানগরীর সিনেপাড়া। রবিবাসরীয় সন্ধ্যায় মুম্বইয়ের পুষ্পা পার্কের কাছে অভিনেতার গাড়িতে হামলা। তাঁর গাড়ি লক্ষ্য করে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে বাঁচলেও শরীরে রয়েছে একাধিক আঘাত। কাঁধে, বুকে ড্রেসিং, ডান হাতে ব্যান্ডেজ! টাইগারের উপর আকস্মিক হামলার ঘটনায় তড়িঘড়ি নিরাপত্তা জোরদার করা হয়েছে সুপারস্টার সলমন খানের। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে মুম্বইয়ের আইকনিক ‘গ্যালাক্সি’।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, সলমন খানের বাড়ির বাইরে বুলেটপ্রুফ জ্যাকেট পরা পুলিশকর্মী এবং অতিরিক্ত পুলিশের গাড়ি মোতায়েন রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই সূত্রের খবর। ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রাজস্থানের কোটা থেকে গ্রেপ্তার তিন অভিযুক্ত।
সাম্প্রতিক অতীতে গ্যালাক্সিতেও হামলা চালিয়েছে বিষ্ণোই গ্যাং। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল সলমনকে। বছর দুয়েক ধরেই গ্যাংস্টার দৌড়াত্ম্যে মুম্বইয়ের সেলেব পাড়ায় আতঙ্কের আবহ। ঠিক যেন নয়ের দশকের ছায়া! কখনও সলমন খান, কখনও রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনও বা দেশের গণ্ডি পেরিয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাস্টার গোষ্ঠী। বিষ্ণোইদের নিশানায় ছিলেন পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়া।

রবিবার গভীর রাতে টাইগারের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সেই সময় টাইগারের মা আয়েশা শ্রফও সেখানে উপস্থিত ছিলেন। মুম্বইয়ের জুহু এলাকায় এই গুলিচালনার ঘটনার কয়েক ঘণ্টা পরেই শিন্ডে অভিনেতার বাড়িতে যান। ছেলের উপর হামলার ঘটনায় মুখ খুললেন টাইগারের মা আয়েশা শ্রফ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে থাম্বস-আপ দেখিয়ে আশ্বস্ত করে বলেছেন, “ঈশ্বর মহান”। হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে আগামীতে ফুটবল মাঠ থেকে বেরিয়ে আর কোনও ভক্তের সঙ্গে সেলফি তুলবেন না। রবিবারের ঘটনায় তারকাদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা থেকে রবি কিষান-সহ আরও অনেকেই।
