চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে ১০৯ পিস ইয়াবাসহ চারজন এবং গ্রেপ্তারি পরোয়ানা, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা ও নিয়মিত মামলায় আরও চারজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৯ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং নিয়মিত মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তার হয়েছেন আটজন।
বুধবার (১৪ অক্টোবর) মতলব উত্তর থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
অভিযানে কামাল পাটোয়ারী (৪২) ও মজিব প্রধানের (৩০) কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মো. দুখু মিয়া (৩৮) ও ইব্রাহীমের (৩০) কাছ থেকে আরও ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানামূলে দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং নিয়মিত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, “মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলে পুলিশ বদ্ধপরিকর।”
তিনি আরও জানান, মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ দমনে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
