ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে ইরাকের রাজধানী বাগদাদের উদ্দেশে রওয়ানা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা চরম সামরিক উত্তেজনা ও সংকটের পটভূমিতে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘আইআরআইবির’ বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আইআরআইবি জানায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বাগদাদে অবস্থানকালে তিনি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ওআইসির ৫২তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সম্মেলনটি শনিবার ও রোববার (১৭ ও ১৮ অক্টোবর) বাগদাদে অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘শান্তি ও টেকসই অগ্রগতির ভিত্তি হিসেবে সংলাপ ও সংহতি’।
ইরানের ওপর মার্কিন-ইসরায়েল হামলা এবং ইয়েমেনে তীব্র হতে থাকা সংঘাতের কারণে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরির প্রেক্ষাপটে এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে আঞ্চলিক এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টােবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৯.৮৬ মার্কিন ডলারে গিয়ে ঠেকেছে। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩.৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০১.৪১ ডলারে উন্নীত হয়েছে।
