পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুস এবং মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যকার দ্বন্দ্বের বরফ গলার নামই নিচ্ছে না। বরং দিন যত যাচ্ছে, দুই পক্ষের এই কোন্দল আরও জটিল আকার ধারণ করছে। কোচ জেসুস আগামী ম্যাচগুলোতে দলের প্রাণভোমরা রোনালদোকে ফিরে পেতে আগ্রহী।
তবে জেসুস জানিয়ে দিয়েছেন—ক্যাম্পের কড়া নিয়ম এবং ফিটনেস সংক্রান্ত কিছু শর্তে কোনো ছাড় দেওয়া হবে না। আর কোচের এই শর্তের বেড়াজালেই এখন জাতীয় দলে সিআর সেভেনের ফেরার ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।
সৌদি আরবের জনপ্রিয় সংবাদপত্র ‘আ রিয়াদিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কোচ জেসুস রোনালদোকে দলে নিতে ইচ্ছুক হলেও তার কথা—জাতীয় দলের ‘ক্যাম্পে নিয়মিত উপস্থিতি’ এবং ‘পুরোপুরি খেলার মতো ফিট থাকা’র মতো কঠোর শর্তগুলো সিআর সেভেনকে মেনেই ফিরতে হবে। ফলে দুই পক্ষের মধ্যে সম্মানজনক কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এই বিবাদের অবসান ঘটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
অবশ্য এই সংকট সমাধানে বসে নেই পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। আগামী নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচের আগেই কোচ ও অধিনায়কের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে বরফ গলাতে উদ্যোগ নিয়েছেন ফেডারেশন সভাপতি পেদ্রো প্রুয়েনসা। দুজনকে এক টেবিলে এনে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চালাচ্ছেন তিনি।
তবে এখন পর্যন্ত দুজনের কেউই মুখোমুখি বৈঠকে বসার ব্যাপারে সবুজ সংকেত দেননি। যা পর্তুগালের ফুটবলাঙ্গনকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
গত সেপ্টেম্বরে নরওয়ে ম্যাচের সময় থেকেই মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত। সেই ম্যাচে দীর্ঘক্ষণ ওয়ার্ম-আপ করিয়েও পুরো ৯০ মিনিট রোনালদোকে সাইডবেঞ্চে বসিয়ে রাখেন কোচ জেসুস।
এরপর ডেনমার্কের ম্যাচের আগেও রোনালদোকে প্রথম একাদশে রাখা হবে না বলে কোচের ঘোষণায় আগুন আরও বেড়ে যায়। ফলশ্রুতিতে চরম ক্ষোভ ও অভিমানে ম্যাচের আগেই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে নিজ ক্লাবে ফিরে যান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে এক বিবৃতি দিয়েছিলেন রোনালদো। সেখানে তিনি জানান, কোচের সঙ্গে হওয়া দুটি নির্দিষ্ট প্রতিশ্রুতির বরখেলাপ হওয়ার কারণেই তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। তবে সবকিছুর পরও নিজের সিদ্ধান্তের পরিণাম মাথা পেতে নিতে প্রস্তুত থাকার পাশাপাশি জাতীয় দলের দরজা নিজের জন্য খোলা রেখেছেন তিনি।
অন্যদিকে, কোচ জেসুস বারবার বলে আসছেন, মাঠে নামুন বা না নামুন—পর্তুগাল দলের ড্রেসিংরুমে রোনালদোকে তার ভীষণ প্রয়োজন। তবে সিআর সেভেনের প্রত্যাবর্তন সম্পূর্ণভাবে নির্ভর করছে ওই খেলোয়াড়ের নিজের মনোভাব ও কোচের শর্ত মেনে নেওয়ার ওপর।
ফেডারেশন সভাপতি প্রুয়েনসাও পুরো ঘটনাটিকে নিছক একটি ভুল বোঝাবুঝি হিসেবে দেখছেন এবং নভেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে দলের কাপ্তানকে মাঠে ফেরানোর আশা ছাড়ছেন না।
