পুজোর মুখে জামিন পেলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস শর্তসাপেক্ষে সব্যসাচীর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেছেন। মাস চারেক আগে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি।
২০১৮ সালের তোলাবাজির ঘটনায় সব্যসাচীর জামিন মঞ্জুর হল হাই কোর্টে। বিচারপতি চট্টোপাধ্যায় দাস জানিয়েছেন, তদন্তে সহযোগিতার শর্তে জামিন দেওয়া হচ্ছে বিধাননগরে প্রাক্তন মেয়রকে।
এক ব্যবসায়ীর থেকে এক কোটি চাওয়ার অভিযোগ উঠেছিল সব্যসাচীর বিরুদ্ধে। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, লোক পাঠিয়ে তাঁর থেকে টাকা চাওয়া হয়েছিল। তবে তিনি অত টাকা দিতে পারেননি। ২ লক্ষ ৩০ হাজার টাকা পাঠিয়েছিলেন বলে দাবি অভিযোগকারীর। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত ৮ জুন সব্যসাচীকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। তদন্তের সূত্রে তৃণমূল নেতার বেশ কয়েকটি ঠিকানায় হানা দেন তদন্তকারীরা।
গ্রেফতারির ৫৭ দিনের মাথায় গত ৫ অগস্ট বারাসত আদালতে চার্জশিট জমা করে পুলিশ। এই মামলার সূত্র ধরে সব্যসাচীর রাজাহাটের বাড়ি-ফ্ল্যাটেও যান তদন্তকারীরা। তদন্তে নেমে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতেও হানা দেয় পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে করিমপুরে ওই নেত্রীর বাড়ি থেকে তিন কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছিল। বর্তমানে যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। পরে পুলিশ আদালতে যে চার্জশিট দিয়েছিল, সেখানেও এই সোনা উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছিল।
পরে এই মামলার তদন্তভার হাতে নেয় ইডি। বিধাননগর উত্তর থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে গত ২৩ জুন ইডি আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে একটি মামলা (ইসিআইআর) করে। সেই মামলার ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এ বার তোলাবাজির সেই মামলায় জামিন পেলেন সব্যসাচী।
