বাংলাদেশের প্রকৃতি আজ এক নীরব কিন্তু গভীর রূপান্তরের মধ্য দিয়ে অতিক্রম করছে। যে প্রকৃতিকে আমরা চিনতাম ছয় ঋতুর বৈচিত্রে্য, নদীর অফুরন্ত প্রাণে, বর্ষার সজীবতায় এবং শস্য-শ্যামল জনপদের সৌন্দর্যে, সেই প্রকৃতি আজ জলবায়ু পরিবর্তনের নির্মম অভিঘাতে ক্রমেই অপরিচিত হয়ে উঠছে। ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়ছে, আকস্মিক বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে, নদীভাঙন গ্রাস করছে জনপদ, উপকূলের বিস্তীর্ণ এলাকা লবণাক্ত হয়ে পড়ছে, তাপপ্রবাহ নতুন স্বাভাবিকতায় পরিণত হচ্ছে। প্রশ্ন হলোÑ এটি কি কেবল পরিবেশগত পরিবর্তন, নাকি বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি ও মানবিক নিরাপত্তার ভবিষ্যৎকে পুনর্লিখনের এক কঠিন বাস্তবতা? জলবায়ু পরিবর্তনকে দীর্ঘদিন ধরে একটি পরিবেশগত সমস্যা হিসেবে দেখা হয়েছে কিন্তু বাস্তবে এটি এখন অর্থনীতি, খাদ্য ব্যবস্থা, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, নগরায়ণ, অভিবাসন এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি বহুমাত্রিক সংকট। বাংলাদেশ বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নগণ্য অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি বহনকারী দেশগুলোর একটি; এই বৈপরীত্য শুধু বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নই নয়, উন্নয়নশীল দেশগুলোর ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করে।
বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপগুলোর একটি। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার পলিমাটিতে গড়ে ওঠা এই ডেলটা আমাদের কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য এবং অর্থনীতির প্রধান ভিত্তি। কিন্তু এই ডেলটাই এখন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূখ-ে পরিণত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উজানের প্রবাহের পরিবর্তন, অতিবৃষ্টি, নদীর গতিপথের পরিবর্তন এবং উপকূলীয় লবণাক্ততার বিস্তার আমাদের প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করছে। বাংলাদেশ ভূখ-ের প্রকৃতির এই পরিবর্তন কেবল নদী বা মাটির নয়; এটি মানুষের জীবন, সংস্কৃতি এবং অর্থনৈতিক ভিত্তিকেও বদলে দিচ্ছে।
সবচেয়ে বড় আঘাত পড়ছে মানুষের লাইভলিহুড বা জীবিকার ওপর; কৃষক তার জমির উৎপাদনশীলতা হারাচ্ছেন, জেলে হারাচ্ছেন মাছের প্রাচুর্য, চরাঞ্চলের মানুষ হারাচ্ছেন বসতি, উপকূলের পরিবার হারাচ্ছে সুপেয় পানির নিশ্চয়তা। একটি দুর্যোগ কেবল একটি ঘর ভেঙে দেয় না; এটি একটি পরিবারের বহু বছরের সঞ্চয়, সামাজিক অবস্থান এবং ভবিষ্যতের স্বপ্নও ধ্বংস করে দেয়। জলবায়ু পরিবর্তনের ফলে দারিদ্র্য তাই শুধু অর্থনৈতিক নয়, এটি সামাজিক ও প্রজন্মগত বৈষম্যেরও কারণ হয়ে উঠছেÑ এর সঙ্গে যুক্ত হয়েছে কর্মসংস্থানের সংকট। কৃষি যখন অনিশ্চিত, তখন মানুষ বিকল্প জীবিকার সন্ধানে শহরের দিকে ধাবিত হয় কিন্তু শহরও তাদের জন্য প্রস্তুত নয়। রাজধানী ঢাকা ও অন্যান্য শিল্পনগরীর বস্তিগুলোতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছেÑ জলবায়ুজনিত বাস্তুচ্যুত মানুষের নতুন স্রোত। তারা অনানুষ্ঠানিক শ্রমবাজারে অল্প মজুরিতে কাজ করেন, সামাজিক নিরাপত্তার বাইরে থাকেন এবং ন্যূনতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হন, শহরমুখী অভিবাসন কেবল নগর ব্যবস্থাপনার চ্যালেঞ্জ নয়; এটি ভবিষ্যৎ সামাজিক স্থিতিশীলতারও প্রশ্ন।
বিশেষ উদ্বেগের বিষয় হলো, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট এই অভ্যন্তরীণ অভিবাসনের জন্য এখনো কার্যকর নীতিগত কাঠামো গড়ে ওঠেনি। নদীভাঙন, উপকূলীয় ক্ষয় কিংবা ঘূর্ণিঝড়ে বাস্তুচ্যুত মানুষকে আমরা এখনো ‘দুর্যোগের ক্ষতিগ্রস্ত’ হিসেবে দেখি; অথচ বাস্তবে তারা দীর্ঘমেয়াদি জলবায়ু সংকটের শিকার। তাদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, বিকল্প কর্মসংস্থান এবং সামাজিক অন্তর্ভুক্তির জন্য সমন্বিত জাতীয় পরিকল্পনা এখন সময়ের অপরিহার্য দাবি। বিশ্ব জলবায়ু ব্যবস্থার পরিবর্তনও বাংলাদেশের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে; বিশেষ করে এল নিনোর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, খরার প্রবণতা এবং বৃষ্টিপাতের অস্বাভাবিকতা কৃষি উৎপাদনকে অনিশ্চিত করে তুলছে। অন্যদিকে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যা খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থায় বিঘœ ঘটায়, ফলে খাদ্য নিরাপত্তা ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জে পরিণত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কৃষিকে তাই শুধু উৎপাদনের বিষয় হিসেবে নয়, জলবায়ু অভিযোজনের কেন্দ্রবিন্দু হিসেবেও দেখতে হবে।
বাংলাদেশ ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে একটি সফল উদাহরণ সৃষ্টি করেছে; ঘূর্ণিঝড় পূর্বাভাস, সাইক্লোন শেল্টার, কমিউনিটি-ভিত্তিক প্রস্তুতি এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে কিন্তু জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতা আমাদের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আহ্বান জানায়। এখন প্রয়োজন দুর্যোগ-পরবর্তী ত্রাণ নয়, বরং দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং দীর্ঘমেয়াদি অভিযোজনকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসা।
এক্ষেত্রে সরকারী পর্যায়ে জলবায়ু অভিযোজিত উদ্যোগগুলো নিঃসন্দেহে একটি দূরদর্শী উদ্যোগ। তবে এমন পরিকল্পনাগুলোর সাফল্য নির্ভর করবে এর বাস্তবায়নের ওপর। নদী পুনরুদ্ধার, সমন্বিত পানি ব্যবস্থাপনা, জলাভূমি সংরক্ষণ, উপকূলীয় ম্যানগ্রোভ সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি, পরিকল্পিত নগরায়ণ এবং সবুজ শিল্পায়নÑ এসবকে একই কাঠামোর মধ্যে এনে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গবেষণা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতাকে সমান গুরুত্ব দিতে হবে। নীতিগত দৃষ্টিকোণ থেকেও পরিবর্তন জরুরি; জলবায়ু পরিবর্তনকে আর কোনো একক মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে দেখার সুযোগ নেই। অর্থনীতি, কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, স্থানীয় সরকার এবং নগর উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় জলবায়ু ঝুঁকি অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে সবুজ কর্মসংস্থান, নবায়নযোগ্য জ্বালানি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্কুলার অর্থনীতির ওপর বিনিয়োগ বাড়াতে হবে, কারণ অভিযোজন তখনই টেকসই হবে, যখন তা মানুষের আয় ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হবে।
বাংলাদেশের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বও রয়েছে; আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি তহবিল এবং প্রযুক্তি হস্তান্তরে ন্যায্য অংশ নিশ্চিত করতে উন্নত দেশগুলোর ওপর আরও কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। জলবায়ু ন্যায়বিচার কেবল একটি নৈতিক দাবি নয়; এটি টেকসই উন্নয়নের পূর্বশর্ত। ঝড়, জল ও বন্যা আমাদের চেনা প্রকৃতিকে ক্রমে বদলে দিচ্ছে ঠিকই কিন্তু সেই পরিবর্তনের মধ্যেই ভবিষ্যতের নতুন দিকনির্দেশনাও লুকিয়ে আছে। সংকটকে যদি আমরা কেবল দুর্ভাগ্য হিসেবে দেখি, তবে আমরা পিছিয়ে পড়ব কিন্তু যদি এটিকে উন্নয়নের নতুন দর্শন গঠনের সুযোগ হিসেবে গ্রহণ করি, তবে বাংলাদেশ জলবায়ু সহনশীল রাষ্ট্র গঠনের বৈশ্বিক উদাহরণ হয়ে উঠতে পারে।
প্রকৃতিকে রক্ষা করা মানে কেবল নদী, বন বা মাটি সংরক্ষণ নয়; এর অর্থ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, বাস্তুচ্যুত মানুষের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণ করা। সময় এখন সিদ্ধান্তেরÑ আমরা কি পরিবর্তনের কাছে পরাজিত হব, নাকি জ্ঞান, বিজ্ঞান, নীতি ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে পরিবর্তনের নেতৃত্ব দেব?
