ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিবিরোধী অভিযান চালিয়ে রিপন ওরফে কালু মিয়া নামে এক কালোবাজারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪০টি রেলের টিকিট, ৮০টি আসনের ভুয়া টিকিট সংক্রান্ত কাগজপত্র এবং নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কালু মিয়াকে এ দণ্ডাদেশ প্রদান করেন।
রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া বলেন, একই টিকিট ১০-১২ জনের কাছে প্রিন্ট করে বিক্রি করতেন কালু মিয়া।
শাহ আলম মিয়া আরও বলেন, টিকিট কালোবাজারি বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে হামলা ও হুমকির মুখোমুখি হতে হলেও সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষায় ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, গত ছয় মাসে টিকিট কালোবাজারির অভিযোগে ২০টি মামলা এবং ৫০ জনকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: কারাদণ্ড
১২ অক্টোবর ২০২৬
১১ অক্টোবর ২০২৬
০৯ অক্টোবর ২০২৬
