সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে তিনি নেত্রকোণা জেলা শহরের ঐতিহ্যবাহী শিববাড়ি মন্দির, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির ও সাতপাই শ্রী রামকৃষ্ণ মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বলয় পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআইজি জানান, শারদীয় দুর্গাপূজা সর্বজনীন উৎসব। এই উৎসব যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, সে লক্ষ্যে ময়মনসিংহ রেঞ্জের জেলাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। কোনো অপশক্তি যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় সম্প্রীতির আবহ বজায় রাখতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেত্রকোণা জেলা শাখার সদস্যসচিব শ্যামল ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর
