যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকার পর নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’।
নির্ধারিত সময় অনুযায়ী এদিন বিকেল ৪টায় কিশোরগঞ্জ স্টেশন থেকে ট্রেনটির ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করার কথা ছিল। কিন্তু ছাড়ার পূর্বমুহূর্তে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি আন্তঃনগর ট্রেনটি। এর ফলে স্টেশনে অপেক্ষমাণ শত শত যাত্রী চরম দুর্ভোগ ও বিপাকে পড়েন। দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অপেক্ষা করতে গিয়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের কষ্টের সীমা ছিল না।
ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, ট্রেনটির মূল ইঞ্জিনটি হঠাৎ অচল হয়ে পড়ায় সেটি প্ল্যাটফর্মেই আটকে পড়েছিল। তাৎক্ষণিকভাবে যাত্রীদের দুর্ভোগ লাঘবে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হয়। পরে ওই ইঞ্জিনটি সংযুক্ত করে ট্রেনটিকে চলাচলের উপযোগী করা হলে সন্ধ্যায় এটি রাজধানী ঢাকার পথে যাত্রা শুরু করে।
