টানা দাম বাড়ার পর বিশ্ববাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার কারণে সরবরাহে বিঘ্নের আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার মধ্যে ওঠানামা করছে তেলের বাজার। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৭ ডলারে নেমেছে।
এর আগে সোমবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল।
ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলারে স্থির হয়, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর। বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দাম বাড়ার চাপ তৈরি করছে।
অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়লে বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে। এ দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাবেই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।
